অমর একুশে বইমেলায় এসেছে কবি রহমান হেনরীর নতুন কাব্যগ্রন্থ ‘অর্ধশতদল’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
বাংলা কাব্যসাহিত্যের অনন্য এক নাম কবি রহমান হেনরী। জীবনের নানা প্রতিকূলতাকে মাড়িয়ে, কবিতার পথেই হেঁটে যাচ্ছেন যিনি নিবেদিতভাবে। এবং সেই তিক্ত ও ক্ষেত্রবিশেষে মুগ্ধ অভিজ্ঞতাকে তার কবিতায় তুলে ধরছেন অপার নান্দনিকতায়। বলা বাহুল্য– আর এ জন্যেই, প্রেম-প্রকৃতির পাশাপাশি জীবনের বাস্তবতার বয়ানগুলো বিমূর্ত হয়ে ধরা দেয় তার কবিতার পরতে পরতে।
কবিতার পাশাপাশি রহমান হেনরী বিশ্বকবিতার বাঙলায়নকর্মী হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন ইতোমধ্যে।
এছাড়া অনিয়মিতভাবে সম্পাদনা করছেন ‘পোয়েট্রি’ নামের লিটলম্যাগ।
তার কবিতার বইগুলোর মধ্যে ‘প্রকৃত সারস উড়ে যায়’, ‘সার্কাসমুখরিত গ্রাম’, ‘খুনঝরা নদী’, ‘শ্রেষ্ঠ কবিতা’, ‘গোত্রভূমিকাহীন’, ‘দুঃখ এবং আরও কিছু আনন্দ’, ‘ব্রজসুন্দরীর কথা’, ‘প্রণয় সম্ভার’ এবং ‘শতরথগুঞ্জন’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
আর এবার অমর একুশে গ্রন্থমেলায় নতুন সংযুক্ত হলো ‘অর্ধশতদল’ বইটি। প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন আল নোমান। এর মূল্য ৩০০ টাকা। বইটি ৬৮৬, ৬৮৭, ৬৮৮ স্টলে পাওয়া যাচ্ছে।








