দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহজনক ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৭৪ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৬৫ জন।








