ইরানের সেনাবাহিনী দিবস উপলক্ষে দেওয়া বার্তায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কুফর ও ‘দাম্ভিক শক্তি’র বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত ওই বার্তায় তিনি বর্তমান সংঘাতকে ইরানের বিপ্লবী ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইরানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র ও ‘জায়নবাদী শক্তি’র দুর্বলতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।
মুজতবা খামেনি ইরানি বাহিনীর সক্ষমতার প্রশংসা করে বলেন, তাদের ড্রোন শত্রুদের ওপর ‘বজ্রপাতের মতো’ আঘাত হানছে। পাশাপাশি নৌবাহিনীও সম্ভাব্য যেকোনো সংঘাতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই এই বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে এবং রাষ্ট্রের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বর্তমান যুদ্ধকে তিনি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শক্তির চাপিয়ে দেওয়া সংঘাত হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে তার পূর্বসূরি ও পিতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর প্রতি শ্রদ্ধা জানান, যিনি সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর সময় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর নেতৃত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মুজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। বার্তার শেষে তিনি যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
সূত্র: আলজাজিরা








