তুমিই কবিতা
কবি নও তুমি– যেন এক মহার্ঘ কবিতা!
সকলে জানুক, নব এই বারতা।
তোমায় পড়তে ধ্যান লাগে, লাগে জ্ঞান ;
কখনো কখনো লাগে অভিধান!
তুমি সহসা ডাকো নীরব স্বরে, কখনো গভীর–
প্রফুল্লচিত্ত বুঝাতে তোমায়, তুমি অতীব ধীর!
বুঝতে তোমার গভীরতা হতে হয় স্থির।
বেদনার ঘন নীলাকাশ যখন কালো,
নীরবতা তোমায় করে দেয় স্থবির।
ক্ষণে ক্ষণে তুমি চুপ থেকে বুঝতে দাওনা ব্যাথা,
তোমার নিরবতাই যেন তোমার মনের কথা।
হিতাহিত জ্ঞানে তুমি থাকো অবিচল,
সিদ্ধান্তে অনড়! বিলম্ব কিসে?
বুঝি আমি বেশ, তাতেই আমি সফল।
সিন্ডিকেট
সিন্ডিকেট শুধু একটা শব্দ নয় ;
এর ভাবার্থ-মর্মার্থ হতে পারে আকাশ-সমান!
সিন্ডিকেট করে আপনি কাউকে দু’দণ্ড রুখে দিতে পারেন,
আপনি পারেন কাউকে অপমানের পাহাড় মাথায় বসিয়ে দিতে!
তবে, সত্যি কি কারো সাধ্য আছে এ-জগতে কাউকে দমাবার?
যাদের নিয়ে সিন্ডিকেটে মজেছেন আপন মনে,
তারাই বলছে– ‘দূষিত রক্তের ঐ বেটা তো একটা ডাকাত ;
মেরেছে জ্যান্ত, জনে-জনে!’
সিন্ডিকেটে আপনি যাদের রেখেছেন প্রথম সারিতে,
তারাই বলছে– ‘আরে, যে রক্তের সাথে বেঈমানি করে,
সে আমার সাথে ভবিষ্যতে কী করতে পারে,
তা-ও জানা আছে ঢের!’
গোপন কখনো রয় না গোপন, আসবেই সে প্রকাশ্যে,
দিবালোকের মতোই স্পষ্ট হবে,
জনতার সম্মুখে।
ওদের চিনতে কেউ করো না ভুল,
নিজের স্বার্থ হাছিলে, ওরা যাচ্ছেতাই করে যাবে,
আমরা দেবো শুধু মাশুল!
শামীমা ইসলাম
জন্ম : শেরপুর জেলার নকলা উপজেলার নামা কৈয়াকুড়ি গ্রামে।
পেশা : শিক্ষকতা।














