বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। ওই ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলাম। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং প্রয়োজনীয় সামগ্রীসহ রিফ্রেশমেন্ট কিট প্রদান করা হয়।
এসময় জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মোঃ রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং হাজিদের সেবায় নিয়োজিত সৌদি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।








