বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত জসীম উদ্দিনের শাস্তির দাবিতে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা।
আজ বুধবার (২২জানুয়ারি) দুপুর ২টার পর থেকে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে শহীদ সরণীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে। সাড়ে ৩টায় বের হয় বিক্ষোভ মিছিলটি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারঘাটা গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজারের সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে কক্সবাজার সদর, পৌর, রামু, ঈদগাঁও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মাহিলা দল-সহ নানা পেশাজীবী ব্যানার সহকারে এই মিছিলে অংশ নিতে দেখা গেছে।
পথসভায় বক্তারা বলেন, সাবেক আইজিপি বেনজীরের ‘ক্যাশিয়ার’ জসিম, তার স্ত্রী তানজিনা সুলতানা, ভাই মাসুদ চোরাচালানকারী। জসীম-সহ তার সহযোগিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।








