কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগুন লাগার ঘটনা ঘটেছে। হঠাৎ সৃষ্ট এ অগ্নিকাণ্ডে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ রোববার (৮ মার্চ) দুপুরের দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে কয়েকটি ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যাম্পের স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।








