দেশে বর্তমানে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে, তা দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, দেশে উত্তোলনযোগ্য মোট গ্যাসের মজুত ছিল ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট গ্যাসের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট। নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান ব্যবহারের হার বজায় থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর সরবরাহ চালিয়ে যাওয়া সম্ভব হবে।
গ্যাস অনুসন্ধানে সরকার ১০০টি কূপ খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে, যার মধ্যে ২৬টির কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের মাধ্যমে নতুন গ্যাস অনুসন্ধানের কাজ চলমান রয়েছে।








