ইন্দোনেশিয়ায় সাত দশমিক চার মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) আঘাত হানা ওই ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পের কারণে আড়াই ফুটের ঢেউ ওঠে। এতে জারি করা হয় সুনামি সতর্কতা। যদিও পরে তা তুলে নেয়া হয়। খবর সিএনএ’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি অগভীর ছিল। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। সুলাওয়েসি ও মালুকু দ্বীপের মাঝে মোলুক্কা সাগরে বৃহস্পতিবার সকালে এই ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় উদ্ধার অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে একটি ভবন ধসে পড়ার ঘটনায় একজন নিহত হয়েছে। এ ঘটনা ঘটেছে উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদোতে।








