পাকিস্তানে পাথরের খনি ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম আবদুল ওয়াহাব।
স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, গত ৩১ মার্চ খাইবার পাখতুনখোয়ার মারদান জেলার রুস্তম তেহসিলের নাঙ্গাবাদ এলাকায় এই খনি ধসের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত একাধিক শ্রমিক চাপা পড়েন এবং অন্তত আটজন নিহত হন।
দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর আবদুল ওয়াহাবকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করার পরপরই তাকে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়া হয়।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আগে নিখোঁজ শ্রমিকদের তালিকা মিলিয়ে দেখা হয়েছিল, তখন একজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে ধারাবাহিক তল্লাশির মাধ্যমে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
বর্তমানে তাকে মারদান মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চলে ভূমিধস একটি সাধারণ ঝুঁকি। ভঙ্গুর ভূপ্রকৃতি ও খাড়া পাহাড়ের কারণে এসব এলাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।








