কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’-এ হামলার ঘটনা ঘটেছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, এতে চারজন আহত হয়েছেন এবং জাহাজের ২০ জন ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ওমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাটি মুসানদাম উপদ্বীপের কাছাকাছি, উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে ঘটে। হামলার ধরন বা কোন অস্ত্র ব্যবহৃত হয়েছে, তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
ঘটনার দায় কার, তা নিয়েও এখন পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক দাবি বা ঘোষণা আসেনি। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সমুদ্রপথে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করছেন পর্যবেক্ষকেরা।
এর আগে ওমানের দুকম (Duqm) বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনায় একজন বিদেশি শ্রমিক আহত হওয়ার তথ্যও আসে।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এ পথে বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ এবং দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।








