ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়ার মোনামি।
সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি জানান।
এর আগে রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পরে চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে (ইসরাফিল রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
নিজের পোস্টে মোনামি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা তার ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের অনুরোধে তিনি সহকারী প্রক্টরের দায়িত্ব নিতে রাজি হন। একজন তরুণ শিক্ষক হিসেবে এমন একটি দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের ছিল বলেও উল্লেখ করেন তিনি।
অধ্যাপক মোনামি লেখেন, গত দুই বছরে তিনি অধ্যাপক সাইফুদ্দীন আহমদের কাছ থেকে শিখেছেন কীভাবে একজন প্রক্টরকে অসাধারণ ধৈর্য নিয়ে দায়িত্ব পালন করতে হয়। উত্তপ্ত পরিস্থিতিতেও কীভাবে শান্ত থেকে হাসিমুখে পরিস্থিতি সামাল দিতে হয় এবং একই সঙ্গে নিজের আত্মসম্মান অটুট রাখতে হয় সেসবও তিনি তার কাছ থেকে শিখেছেন বলে উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, ক্ষমতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের প্রতি ক্ষমাশীল ও মানবিক আচরণ করেছেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তার টিমের সদস্য হিসেবে তারাও সেই চর্চা ধরে রাখার চেষ্টা করেছেন এবং এখনও করে যাচ্ছেন।
পোস্টের শেষদিকে মোনামি উল্লেখ করেন, ‘জুলাই এবং জুলাই-পরবর্তী সময় এ দেশে আর কখনও ফিরে আসবে কি না জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিমকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি, ভবিষ্যতেও হবে না।’








