বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) ইতোমধ্যে জারি করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই তারা এপ্রিল মাসের বেতন-ভাতা পেতে পারেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে শিগগিরই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ৩ লাখ ৮৭ হাজার ৪১৫ জন শিক্ষক-কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩ লাখ ৭৩৬ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
এর আগে গত ২৮ এপ্রিল এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তারও আগে ২২ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে পাঠানোর জন্য প্রতিষ্ঠানপ্রধানদের বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয় এবং ২৪ এপ্রিলের মধ্যে তা সম্পন্ন করতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী বিল সাবমিট করা হলেও এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি শিক্ষক-কর্মচারীরা।








