বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর উত্তর পাশের ঢালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইসলাম পরিবহনের চালক কবির হোসেন। তিনি বরগুনার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন এবং ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের বাস দুটি মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে লাবিবা পরিবহনের চালক রাসেলসহ উভয় বাসের ১৫-২০ জন যাত্রী গুরুত্বর আহত হন।
গুরুতর আহত অবস্থায় ইসলাম পরিবহনের চালক কবির হোসেনকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত চালকের মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।








