ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ হরিয়ানার অভিনেত্রী দিবাঙ্কা সিরোহি সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর পর এই অভিনেত্রীর একটি ইনস্টাগ্রাম পোস্ট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা রীতিমতো ভাইরাল। ২০২৩ সালের জুন মাসে করা সেই পোস্টে একটি ছবি জুড়ে দিয়েছিলেন দিবাঙ্কা। ছবিতে দিবাঙ্কাকে নীল জ্যাকেট ও মেরুন পাগড়ি পরা অবস্থায় দেখা যায়।
দিবাঙ্কার পোস্ট করা সেই ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘শিব, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও।’ পোস্টে অনেকে কমেন্ট করেছেন। গত মঙ্গলবার রাতে আচমকা হৃদ্রোগে আক্রান্ত হন দিবাঙ্কা। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিবাঙ্কা সিরোহির মৃত্যুর খবরে হরিয়ানা অঞ্চলের শিল্পীরা শোক প্রকাশ করেছেন। তবে পরিবারের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
দিবাঙ্কা গাজিয়াবাদে পরিবারের সঙ্গে বসবাস করতেন। গত বুধবার বিকেলে গজিয়াবাদে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে দিবাঙ্কার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
উত্তর প্রদেশের বুলন্দশহরে জন্ম ও বেড়ে ওঠা দিবাঙ্কার। তিনি হরিয়ানার বিনোদন অঙ্গনে কাজ করতেন। এই অঞ্চলের সংস্কৃতি ‘হরিয়ানভি’ নামে পরিচিত। চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষে করেন দিবাঙ্কা। পরে সিকিম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
দিবাঙ্কা হরিয়ানভি বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। ৫০টির বেশি হরিয়ানভি গানের ভিডিওতে মডেলিং করেছেন তিনি। সময়ের সঙ্গে তিনি আঞ্চলিক সংগীত অঙ্গনের পরিচিত মুখ হয়ে ওঠেন।
ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও দিবাঙ্কা জনপ্রিয়তা পান।
এক সাক্ষাৎকারে দিবাঙ্কা সিরোহি বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আমার আগ্রহ ছিল। দীপাবলির সময় আমি নীল স্যুট পরে “মেরি মাম্মি নু পসন্দ নি তু” গানে একটি টিকটক ভিডিও বানাই। ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি প্রায় দুই কোটি ভিউ হয়। এরপর টিকটকে আমার অনুসারীর সংখ্যা ৫০ লাখে পৌঁছে যায়।’








