মিশরের কায়রোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা দিয়েছে। আলোচনায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের অস্ত্র সমর্পণের বিষয়ে সম্মত হয়েছে।
হামাস নেতারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রকে তাদের নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন এবং কাতারের মাধ্যমে ইসরায়েলের স্থায়ী সেনা প্রত্যাহারের নিশ্চয়তা পেয়েছেন।
রোববার (৫ অক্টোবর ) এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে সামা টিভি।
গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্রগুলো ফিলিস্তিনি ও মিশরীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি তারা জানিয়েছে, ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ সংগ্রহের প্রক্রিয়া চলছে এবং ওই অভিযানের সুবিধার্থে সাময়িকভাবে বোমাবর্ষণ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
হামাস অভিযোগ করেছে, ইসরায়েল অব্যাহত বোমা হামলা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে।
হামাসের নেতারা বলেছে, তারা যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চায়। ‘ইসরায়েলের ফাঁদে পড়বে না’ এবং আলোচনাগুলো দ্রুত শেষ করতে চায়।









