চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে জমি নিয়ে লোকমানের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রবিবার রাতে লোকমানের ভাই রবিন ওরফে রনি তার ভাবি ফেরদৌস আরাকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য গণমাধ্যমকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর রবিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।








