হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় প্রথমবারের মতো উড়লো বাংলাদেশের লাল-সবুজের পতাকা। এ অর্জন এনে দিয়েছেন দেশের খ্যাতনামা এভারেস্টজয়ী পর্বতারোহী ড. বাবর আলী।
আজ সোমবার (৭ এপ্রিল) ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ নামক একটি পর্বতারোহী সংগঠন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই গৌরবময় সাফল্যের খবর প্রকাশ করে।
পোস্টে জানানো হয়, বিশ্বের দশম সর্বোচ্চ এবং অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১-এর চূড়ায় সফলভাবে পৌঁছেছেন ড. বাবর আলী। এই প্রথম কোনো বাংলাদেশি এ শৃঙ্গ জয় করলেন এবং সেখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন।
ফেসবুক বার্তায় আরও বলা হয়, অভিযানের অন্যতম আয়োজক আউটফিটার কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ড. বাবর বর্তমানে সুস্থ অবস্থায় ক্যাম্প-৩-তে অবস্থান করছেন। যদিও এখনও পুরোপুরি অভিযান শেষ হয়নি। আজ তার ক্যাম্প-২-তে এবং পরদিন বেসক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে। পাহাড়ে নামার সময়ই সাধারণত সবচেয়ে বেশি ঝুঁকি থাকে বলে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
ড. বাবরের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।








