সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট – বিএফআইইউ।
এছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের ব্যাংক হিসাবও।
সোমবার ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না।
বিএফআইইউর চিঠিতে বলা হয়, তাদের লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।








