হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২১ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও সহযোগী দেশগুলো। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ লেবাননে যুদ্ধবিরতির এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উত্তরে কোনো যুদ্ধবিরতি হবে না। জয় না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফেরত না পাঠানো পর্যন্ত আমরা লড়াই করব।’
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সাম্প্রতিক সময়ে সংঘাত এবং হামলা-পাল্টা হামলা বেড়েছে। গত সোমবার থেকে লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল, এমনকি সম্ভাব্য’ স্থল অভিযানের জন্য ইসরায়েলি সৈন্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এমন সময়ে দুই দেশের সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও সহযোগী দেশগুলো। এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে, দুই পক্ষের এই শত্রুতা ‘অসহনীয়’ এবং ‘বৃহত্তর অগ্রহণযোগ্য ঝুঁকি’ উপস্থাপন করেছে, যা ইসরায়েল বা লেবাননের জনগণের স্বার্থে নয়।
যৌথ বিবৃতিতে সই করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং কাতার। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের বৈঠকের পরে যৌথ বিবৃতিটি দেওয়া হয়।
অন্যদিকে আলাদা এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন যে, “বেসামরিক নাগরিকদের তাদের বাড়িতে ফিরে যেতে সহায়তা করতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই যুদ্ধবিরতি প্রয়োজন। বর্তমান শত্রুতা অনেক বিস্তৃত সংঘাত এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির হুমকি সৃষ্টি করে।
বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, “ইউরোপের পাশাপাশি আরব দেশগুলো থেকেও উল্লেখযোগ্য সমর্থন রয়েছে। এটি গুরুত্বপূর্ণ যে যুদ্ধটি যেন বিস্তৃত না হয়।
কয়েক দিন ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছিল। তবে গত সোমবার লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সাড়ে ৫ শ’র বেশি মানুষ নিহত হন। এরপর থেকেই লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বের কয়েকটি এলাকায় নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন ৪০০ জন।








