ইসরাইলের রাজধানী তেল আবিবে বৃহস্পতিবার রাতে দেখা গেলো এক বিরল ঐক্যের ঘটনা। এদিন এক হয়ে শান্তি মিছিল করেছেন ফিলিস্তিনি ও ইহুদিরা। তারা একই কণ্ঠে শান্তির আহ্বান জানিয়েছেন। স্লোগানে স্লোগানে তারা বলেন, ‘শান্তিকে হ্যাঁ বলুন, চুক্তিকে হ্যাঁ বলুন’। এ খবর দিয়েছে এএফপি।
খবরে বলা হয়, ওই শান্তি মিছিলে শত শত ফিলিস্তিনি ও ইহুদি যোগ দেন। তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও সহিংসতার চক্র বন্ধের দাবি জানান। গাজায় চলমান যুদ্ধ বন্ধসহ উপত্যকাটি থেকে জিম্মিদের ফেরত আনার দাবিতে তেল আবিবে প্রায়ই বিক্ষোভের ঘটনা ঘটছে। এসব বিক্ষোভে কখনো জিম্মিদের স্বজনেরা অংশ নিচ্ছেন, আবার কখনো সরকারবিরোধী ইসরাইলিরা অংশ নিচ্ছেন। কখনো কখনো আরব-ইহুদি শান্তি শিবিরের আয়োজনে বিক্ষোভ হচ্ছে।
ইসরাইলে ৯৫ লাখ মানুষ বাস করে। এর মধ্যে প্রায় ২০ শতাংশ আরব জাতিগোষ্ঠীভুক্ত, যাদের বেশির ভাগই ফিলিস্তিনি। অধিকারকর্মী ও পর্যবেক্ষকদের তথ্যমতে, ইসরাইলে বসবাসকারী ফিলিস্তিনিদের যুদ্ধবিরোধী কর্মসূচির অনুমতি পাওয়ার ক্ষেত্রে বেগ পেতে হয়। অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ স্থগিত রাখার পর গতকাল শান্তি মিছিলটির আয়োজন করা হয়।
শান্তিমিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিরা আপাতত ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চাইছেন। তবে তাদের চূড়ান্ত লক্ষ্য, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপন।








