উত্তর কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে দেশটির নেতা কিম জং উনের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া ও তাদের মিত্ররা। রাষ্ট্রীয় হিসাবে, গত ১৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ।
সরকারি তথ্য অনুযায়ী, ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির নির্বাচনে শাসক জোট পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট। এতে রাষ্ট্র-সমর্থিত প্রার্থীরাই প্রায় সব আসনে বিজয়ী হয়েছেন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ ভোটার প্রার্থীদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনি প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক হিসেবে তুলে ধরতেই এমন পরিসংখ্যান দেখানো হয়ে থাকতে পারে। কারণ উত্তর কোরিয়ার নির্বাচনব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতীকী ও একপক্ষীয় হওয়ার আলোচনা রয়েছে।
নবনির্বাচিত পরিষদ শিগগিরই প্রথম অধিবেশনে বসবে। সেখানে রাষ্ট্রীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, পাশাপাশি সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যমতে, ওই অধিবেশনে দেশটির স্টেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি আলোচনায় আসবে। একইসঙ্গে সমাজতান্ত্রিক সংবিধানে সম্ভাব্য পরিবর্তন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।








