পাকিস্তান সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অবরুদ্ধ গাজায় আলোচিত যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি। এর আগে কখনো শান্তি আলোচনা এতো সন্নিকটে ছিল না।
আজ শনিবার (৪ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ এ কথা বলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে গাজার শান্তি প্রক্রিয়ায় সহযোগিতা করায় তিনি ট্রাম্পসহ কাতার, সৌদি আরব, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইন্দোনেশিয়ার নেতৃত্বের প্রশংসা করেন।
শাহবাজ শরিফ বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে হামাসের সম্মতি শান্তির দুয়ার খুলে দিয়েছে।








