ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর গাজায় ইসরায়েলি অভিযান বন্ধে ট্রাম্প আহ্বান জানায়। তবে এ আহ্বানের পাত্তা না দিয়ে গাজায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে উপত্যকাটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার ইসরায়েল।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গতকাল রাতটি ছিল বেশ সহিংস। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যান্য জায়গায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে।
গতকাল রাতের হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মাহমুদ বাসিল। আর হাসপাতালের বরাত দিয়ে নিহতের খবর নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এদিকে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ বাড়িতে ফেরা শুরু করেছে।
এরপর সাধারণ মানুষকে সতর্কতা দিয়েছে দখলদার ইসরায়েল।








