শিক্ষার্থী ভর্তির ফি থেকে আয় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে আগামী চার কর্মদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি চিঠি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত ঐ পত্রে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক স্তুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থ বছরের গৃহীত ভর্তি ফি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি কোষাগারে জমাদান সংক্রান্ত চালানের কপি গ্রহনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা আগামী চার কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
মাউশি সহকারি পরিচালক ও চিঠিতে স্বাক্ষারকারী জিয়াউল হায়দার হেনরী বলেন, স্কুলগুলোর বেতনের টাকা সরকারি কোষাগারে রাখতে হয়। স্কুলের থাকে সেশন ফি। সরকারি স্কুলগুলো বেতনের টাকা সরকারি কোষাগারে রাখে কিন্তু বেসরকারি স্কুল সেটি রাখছে না। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।








