সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সাত সদস্য আজ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ শনিবার (২রা নভেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে অংশ নেয়া কমিশনের অন্য সদস্যরা হলেন, অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মোঃ মুসতাইন বিল্লাহ।
সংবিধান সংস্কার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের শুভেচ্ছা বিনিময় করে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার উপর জোর দেন।
উল্লেখ্য যে, ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।








