লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের সশস্ত্র হিজবুল্লাহ যোদ্ধাদের ১ হাজার ৫০০ সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল।
দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি এ দাবি করেন। হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।
শুক্রবার (১৮ অক্টোবর) গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এসব কথা বলেন।
হালেভি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটাই আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। আর আপনারা স্থানীয় কমান্ড অবকাঠামো ধ্বংস করছেন।
ইসরায়েলি সেনাপ্রধান দাবি, হিজবুল্লাহ দিনে দিনে আরও দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে। কমান্ডারদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে। আমাদের ধারণা আমরা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি। আমরা কম করে বলছি।
ইসরায়েলি এই সেনা কর্মকর্তার দাবি, হিজবুল্লাহর যোদ্ধারা তাদের কাছে আত্মসমর্পণ করছে। তবে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে তাদের যোদ্ধারা।
গত মাসের শেষ দিকে লেবাননের দক্ষিণে স্থল হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর যোদ্ধাদের শক্ত ঘাঁটি আছে। ইসরায়েলিরা চেয়েছিল লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে হিজবুল্লাহকে সেখান থেকে সরিয়ে দেবে।
তবে স্থল হামলা চালাতে গিয়ে প্রথমদিনেই বড় ধাক্কা খায় দখলদার বাহিনী। লেবাননে অভিযানে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৬০ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।








