মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ১২ মার্চ বা এর এক-দুই দিন আগের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সে হিসেবে ১৪ মার্চের মধ্যে প্রথম অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়টিও সংবিধানে নির্ধারিত।
প্রথম অধিবেশনের সময়সূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ে প্রস্তুতি বৈঠক হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।








