বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত পরিবারের সকল অনুরোধ পূরণ করছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৬ ডিসেম্বর) রাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
প্রেস সচিব লিখেছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, অন্তর্বর্তী সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সহায়তা করছে কি না। উত্তরে বলা হয়েছিল, সরকার বেগম জিয়াকে বিদেশে পাঠানোসহ চিকিৎসা সংক্রান্ত পরিবারের সকল অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করার কাজ অব্যাহত রাখছে।’
তিনি আরো উল্লেখ করেছেন, ‘সরকার দেশবাসীকে অনুরোধ করেছে, বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা চালিয়ে যেতে।’
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।








