রাজধানীতে মেট্রোরেলের লাইনের উপর ড্রোন পড়ে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে।
আজ শনিবার (২২ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৯ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বর্তমানে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।
রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝে মেট্রোরেল লাইনের উপর ড্রোন পতিত হওয়ায় মেট্রোরেল চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে ড্রোন অপসারণ করামাত্র ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশও করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।








