শেরপুর জেলার নকলায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে শেরপুর জেলার নকলা উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন।
শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ঝুলিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ করে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা এ কর্মসূচিতে অংশ নেয়।
তাদের দাবি গুলোর মধ্যে, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক বা সমমান স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনঃনির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক বা সমমানের স্বীকৃতি প্রদান করাসহ নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, সময় মতো চাকরি স্থায়ীকরণ, ঝুঁকিভাতা প্রদান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখযোগ্য।
কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন– “সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো কার্যকরের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না-হলে পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে ‘শাটডাউন’সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এ-সময় উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।








