অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তজার্তিক অপরাধ ট্রাইবুন্যাল সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নিচ্ছে।
আজ বুধবার বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে তা স্থায়ী নাকি অস্থায়ী হবে- এ প্রশ্ন উঠতেই পারে। তবে, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠে যাবে-এমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অনেক সংস্কার করা হয়েছে। সংস্কার আমরা করে যাচ্ছি। ঐকমত্য পরিষদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তার সঙ্গে সংবিধানের পরিবর্তন জড়িত। তাই সেখানে রাজনৈতিক দলগুলোর সহমত ছাড়া কাজ করা যাবে না। কিন্তু সাধারণ সংস্কারগুলো করা হয়েছে এবং আমরা করে যাচ্ছি।
আসিফ নজরুল বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে। অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল।









