ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।
আজ হারারের স্পোর্টস ক্লাব মাঠে ছোট লক্ষ্য তাড়ায় নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দল। এরপর মিডল অর্ডার ব্যাটার সামিউন বশির রাতুলের দুর্দান্ত ইনিংসে জয় নিশ্চিত করে টাইগার যুবারা। এক উইকেটের জয়ে সিরিজ শুরু বাংলাদেশের।
প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার যুবাদের ৩৪.৪ ওভারে মাত্র ১২৮ রানে অলআউট করে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের পেসার আল ফাহাদ ১০ ওভারে ৩২ রান দিয়ে নেন ৪টি উইকেট। বাঁহাতি স্পিনার সামিউন তুলেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২১ রানে ১ উইকেট থেকে দলটি দ্রুতই নেমে আসে ৫৯ রানে ৬ উইকেট। ওপেনার জাওয়াদ আহমেদ ৯ বলে ২০ রান করে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেও এরপর একে একে সাজঘরে ফেরেন অন্য ব্যাটাররা।
এই সংকটময় মুহূর্তে হাল ধরেন সামিউন। সপ্তম উইকেটে আল ফাহাদকে সঙ্গে নিয়ে ৩১ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। এরপর এক প্রান্ত থেকে উইকেট পড়লেও অপরপ্রান্ত আগলে রেখে ক্রিজে টিকে থাকেন তিনি।
২৭ ওভারে স্কোর ছিল ১০৯/৯। তখন জয় দরকার ২০ রান। স্বাধীন ইসলাম ছিলেন শেষ সঙ্গী। কিন্তু দায়িত্ব নিয়ে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সামিউন।
২৮তম ওভারে পল জেমসকে দুটি চারে মারেন তিনি। এরপর ২৯তম ওভারে দয়ালান বয়েসকে টানা চার ও ছক্কায় ম্যাচ সমতায় আনেন। পরের বলেই কাভারে ঠেলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন। ৩৯ বলে ৭ চার ও ১ ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন সামিউন, যা তার যুব ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। তার এই ইনিংসই বাংলাদেশকে এনে দেয় নাটকীয় এক উইকেটের জয় এবং ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা।








