আজ শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় নেতারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক তৎপরতা বন্ধে দাবির অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
সমাবেশের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা।
এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সর্বস্তরের মানুষকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার (১ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ভিডিও বার্তায় তিনি বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরেও সেই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়।
‘অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। যুবলীগসহ অন্য অঙ্গসংগঠনগুলোকেও নিষিদ্ধ করতে হবে। বিচার চলাকালীন দলটির নিবন্ধন বাতিল করতে হবে এবং রাজনৈতিক-সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, আপনারা দলে দলে বিক্ষোভ সমাবেশে যোগদান করুন এবং গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষার্থে দেখা হবে বিক্ষোভ সমাবেশে।








