বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক মো. জামাল হোসেনের ইউটিউব চ্যানেল ‘রঙ্গন’-এ ঈদের বিশেষ আয়োজনের ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল নতুন নাটক ‘আবীর ছোঁয়া’। এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন রুবেল হাসান।
গত ৮ এপ্রিল ‘রঙ্গন’-এ নাটকটি প্রকাশিত হয়েছে। নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন নাটকে এই সময়ের দর্শকপ্রিয় জুটি ইয়াশ ও তটিনী।
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এর আগেও ইয়াশ ও তটিনী’কে নিয়ে নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন আগেই প্রকাশিত হলো ইয়াশ তটিনী’র বউয়ের বিয়ে নাটকটি। এটিও রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। যা বেশ সাড়া ফেলেছে। আমার বিশ্বাস রঙ্গন-এ প্রকাশিত আবীর ছোঁয়া’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে। এরইমধ্যে নাটকটি আলোচনায় চলে এসেছে। তাছাড়া ইয়াশ ও তটিনী’র দর্শক মহলেও দারুণ গ্রহণযোগ্যতা আছে। যে কারণে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোরও আগ্রহ থাকে তাদের নিয়ে নাটক নির্মাণের। যেমনটা রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল ভাইয়েরও আছে। তার আগ্রহেই ইয়াশ তটিনীকে নিয়ে আবীর ছোঁয়া নির্মাণ করেছি। আশা করছি নাটকটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলবে।’
জামাল হোসেন বলেন, ‘ইয়াশ ও তটিনী এরইমধ্যে জুটি হিসেবে প্রতিষ্ঠিত। তাদের নাটক দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে আবীর ছোঁয়া নির্মাণের প্রধান কারণ গল্প, দ্বিতীয় কারণ ইয়াশ তটিনী জুটি, তৃতীয় কারণ রুবেল হাসান। আশা করছি আবীর ছোঁয়া দর্শকের মধ্যে আরো সাড়া ফেলবে। কারণ এরইমধ্যে নাটকটি দর্শকের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।’
এরইমধ্যে ইয়াশ তটিনী অভিনীত ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘তোমায় ছুঁয়ে’, ‘কী মায়ায় জড়ালে’, ‘কাছে আসার সময়’ নাটকগুলোও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।








