পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি ও তার সহযোগী মিলন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে পিরোজপুরের কাপুড়িয়া পট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মো. কিছলুর ছেলে। আর মিলন শিকদার পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের লিটন শিকদারের ছেলে। মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ছিলেন।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২১ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলার নির্মাণাধীন মডেল মসজিদে মুসাব্বির মাহমুদ সানিসহ ২৫ থেকে ৩০ জনের একটি দল হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাই করে। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে হামলার স্বীকার প্রজেক্ট ম্যানেজার মো. শহিদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলায় রূপ নেয়।








