দেশের সব আদালতের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোর্ট সিকিউরিটি ফোর্স (সিএসএফ) গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
বুধবার (২৯ জানুয়ারি) সংগঠনটির প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগ জনগণের ন্যায়বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল এবং একটি রাষ্ট্রের সভ্যতার গুরুত্বপূর্ণ মানদণ্ড। বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের নির্বাহী বিভাগের অন্যতম দায়িত্ব।
বর্তমান অন্তর্বর্তী সরকার ও সুপ্রিম কোর্ট একটি কার্যকর ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন প্রণয়ন, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন এবং স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদা আরও সুসংহত হবে এবং জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার আরও নিশ্চিত হবে বলে আমরা আশা করছি।








