বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে পতিত সরকারের ভারতের সঙ্গে ২০১০ সালের করা অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সীমান্তে হত্যাসহ সকল অনিয়ম বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বাংলাদেশ, জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী।
সীমান্তে কর্মরত বিজিবির সাথে সাধারণ মানুষ অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণ প্রতিহত করতে ঐক্যবদ্ধ হলে তা সাময়িক বন্ধ করে দেয় ভারত।
অমীমাংসিত বিষয় নিয়ে আগামী ১৭ থেকে ২০ ফেব্রয়ারি আবারো নয়াদিল্লিতে বসবে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। এর আলোচ্যসূচী নির্ধারণে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় আন্ত-মন্ত্রণালয়ের বৈঠক।
দুপুরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে ২০১০ সালের অসম চুক্তি, সীমান্তে বিএসএফের গুলি করে হত্যাসহ সব অপরাধ কর্মকান্ডে বিষয় গুরুত্ব পাবে আসন্ন সম্মেলনে।
উপদেষ্টা জানান, বৈঠকে ভারতীয় মিডিয়ার মিথ্যা তথ্য প্রকাশের বিষয়টিও সম্মেলনে তুলে ধরা হবে।








