আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে দেশি-বিদেশি মুসলিম উম্মাহদের ইসলামি এই মহাসম্মেলন চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব।
এবারের বিশ্ব ইজেতেমা হবে তিন পর্বে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে যাবতীয় প্রস্তুতি। প্রথম পর্বে অংশ নেবেন শোরায়ী নেজামের অনুসারীরা।
ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৩ ফেব্রুয়ারি। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫ ফেব্রুয়ারি। এই দুই পর্বে অংশগ্রহণ করবেন মাওলানা জোবায়েরপন্থিরা।
এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমা। সেখানে অংশগ্রহণ করবেন সাদপন্থিরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
এবারের আয়োজনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদের ওপর সেনাবাহিনী পাঁচটি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পন্টুন ব্রিজ নির্মাণ করেছে।
মুসল্লিদের অজু, গোসল ও খাবারের পানি সরবরাহ, রান্নার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করে দেওয়া হয়েছে। বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে অর্ধশতাধিক ক্যাম্প স্থাপন করেছে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও সেবা সংস্থা।








