সরকার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, শিক্ষকদের অন্যান্য দাবি ধাপে ধাপে বাস্তবায়নের জন্য কার্যক্রম শুরু হবে। চলতি বছর থেকেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোতে প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক শ্রেণি খোলার অনুমোদন দেওয়া হবে এবং নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
এরপর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। এ সময় সরকারের সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানাতে গিয়ে অনেক শিক্ষক আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অধ্যাপক রুহুল আমিন বলেন, ‘অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও করা হবে।’
ইবতেদায়ী শিক্ষকদের ৬ দাবি–
১। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা।
২। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।
৩। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার আলাদা নীতিমালা।
৪। পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন।
৫। প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া।
৬। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।








