রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দাবি পূরণ নিয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। দাবি থাকতে পারে কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। এ সময় রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (২৭ জানুয়ারি) ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল।
এর আগে বেতনের সঙ্গে অবসর ভাতাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগ কমাতে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।
আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি হতে সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
রানিং স্টাফরা জানিয়েছেন, রানিং স্টাফদের কর্মবিরতির ফলে যেসব ট্রেন রাত ১২টার পর প্রারম্ভিক স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেসব ট্রেন ছেড়ে যায়নি।








