রাজধানীর আগারগাঁওয়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। তারা আগারগাঁও মোড় অবরোধ করেছেন। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন।
এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ চলছিল।
আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে।
এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা।
গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও মহাখালীতে সড়ক-রেলপথ অবরোধ করেন রিকশাচালকেরা। গতকাল রোববার রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।








