ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশসহ সারা বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কটের জোয়ার বইছে। বিশেষ করে মুসলিম বিশ্বে পবিত্র ঈদুল আজহার আগে কোকাকোলা ও পেপসির কোমল পানীয় বয়কটের আন্দোলন জোরদার হয়েছে। এ ক্ষেত্রে পিছিয়ে নেই উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো। ঈদকে সামনে রেখে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন আরও গতিশীল করার চেষ্টা করছেন দেশটির অ্যাক্টিভিস্টরা।
মরক্কো ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আর কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। তাই গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রতি তাদের কথিত সমর্থনের কথা উল্লেখ করে কোকাকোলা ও পেপসি বয়কটের ডাক উঠছে। সামাজিক মাধ্যমে এই বয়কটের ডাক আবারও জোরালো হতে শুরু করেছে।
সাধারণত ছুটি এলে মরক্কোয় কোমল পানীয়ের চাহিদা বেড়ে যায়। তবে অ্যাক্টিভিস্টরা দেশের মানুষদের এই দুই কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছেন।
সামাজিক মাধ্যমে বয়কট কোকাকোলা হ্যাশট্যাগ এখন ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। এসব পোস্টে অ্যাক্টিভিস্টরা বলছেন, কোকাকোলা কেনার মানে হলো গ্রাহকরা ‘তাদের ফিলিস্তিনি ভাইদের রক্ত পান করছেন।’
কোকাকোলা ও পেপসির বিকল্প হিসেবে কেউ কেউ মরোক্কার পুদিনা চা পানের প্রস্তাব করেছেন। এই চা যেমন স্বাস্থ্যকর তেমনি দেশটির অর্থনীতিকে বিকশিত করতে সহায়তা করবে। অন্যরা ফলের জুস বা মরক্কোর তৈরি পানীয় পানের পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। হামাস প্রায় ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।








