ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জানায়, এ সময় রাজধানীর ৫০টি থানায় দুই পালায় মোট ৪৭১টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ২৫৯টি এবং দিনে ২১২টি টিম মাঠে ছিল। টহল টিমগুলোর মধ্যে মোবাইল পেট্রোল টিম ২১২টি, ফুট পেট্রোল টিম ২০টি এবং হোন্ডা পেট্রোল টিম ছিল ২৭টি। এ ছাড়া নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন কৌশলগত স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালনা করে ডিএমপি।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক ব্যবসায়ী, দুইজন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি।
ডিএমপির বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ৩৩টি মামলা রুজু হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ ২ হাজার ৮৪৫টি মামলা করেছে। এর মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।








