প্রধান বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার দ্বাদশ দিনের সংলাপে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রাথমিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। দলগুলো আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতেই নিয়োগ বহাল রাখার বিষয়ে একমত হয়েছে।
আজ রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, দলগুলো এখনো জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষেই অবস্থান নিয়েছে। তবে বিকল্প প্রস্তাব হিসেবেও আলোচনা হয়েছে—প্রথম দুইজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে যেকোনো একজনকে মনোনীত করার সুযোগ রাখার বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
অধ্যাপক রীয়াজ বলেন, জনগণ যদি নির্বাচনে রাজনৈতিক দলকে এমন কোনো পরিবর্তনের ম্যান্ডেট দেয়, তাহলে সংবিধান সংশোধনের মাধ্যমে সেই নতুন বিধান চালু করা সম্ভব।








