চতুর্থবারের মতো ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। গেল তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। চতুর্থ আসরেও চ্যাম্পিয়নদের মতো শুরু করেছে আব্দুল জলিলের শিষ্যরা। বিশ্বকাপের গেল দুই আসরের সেমিফাইনালিস্ট কোরিয়াকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা। বাংলাদেশের তারকা রেইডার মিজানুর রহমান একাই দলের পক্ষে ২১ পয়েন্ট এনে দেন। অধিনায়ক আরদুজ্জামান মুন্সি প্রতিপক্ষের কাছ থেকে তুলে আনেন ১০ পয়েন্ট। ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর।
খেলা শেষে বাংলাদেশের কোচ আব্দুল জলিল বলেন, ‘কোরিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দল জেতায় আমি অত্যন্ত আনন্দিত। ছেলেদের যেভাবে পরিকল্পনা দেয়া হয়েছিল সেটা তারা ম্যাটে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। আজ (২৭ মে) মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে। সেখানেও আশাকরি ছেলেরা প্রত্যাশিত জয় ছিনিয়ে আনবে।’
এদিকে ম্যাচসেরা বাংলাদেশের রেইডার মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছি। এই ধারাবাহিকতা ধরে রেখে আমরা পুরো টুর্নামেন্টে খেলতে চাই। আমরা শিরোপা জিততে চাই।’








