ময়মনসিংহের জামালপুরে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েছে গুরুতর আহত হয়েছে ১২ বছর বয়সী এক শিশু। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সরিষাবাড়ী রেলস্টেশনের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত ওই শিশুর নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ভুয়াপুর থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনের কাছাকাছি পৌঁছালে ১২ বছর বয়সী ওই শিশু ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে দেয়। এ সময় রেললাইনের পাশে থাকা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায়। শিশুটি মাথায় গুরুতর আঘাত পাওয়ায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সরিষাবাড়ী হাসপাতালে শিশুটির জ্ঞান না ফেরায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত ১২ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে ময়মনিসংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।








