ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, যার মধ্যে এক ঘণ্টার বিরতি থাকবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এক প্যানেলে সভাপতি পদে রয়েছেন অভিনেতা ও নাট্যপরিচালক শহীদুজ্জামান সেলিম, আর অন্য প্যানেলে সভাপতি পদপ্রার্থী অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলু।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫০১। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তাঁর সঙ্গে রয়েছেন নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন।
নির্বাচন প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সবার ভালোবাসা ও সমর্থন পেয়ে আগেও ডিরেক্টরস গিল্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। এবারও ভোটারদের আস্থা অর্জন করে বিজয়ী হতে চাই।’
অন্যদিকে, সালাহউদ্দিন লাভলু বলেন, ‘আমি চাই, সব ভোটার উপস্থিত থেকে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। সাধারণত মিডিয়া সংশ্লিষ্ট নির্বাচনগুলো উৎসবমুখর হয়ে থাকে, আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।’








