বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তিনি বিয়ে করেছেন-বছরখানেক আগে এমন সংবাদে বেশ শোরগোল পড়ে যায়।
তবে যার সঙ্গে পপির নাম জড়ায় সে ব্যক্তি গণমাধ্যমে বিষয়টি অস্বীকার করায় সেখানে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এবার জানা গেল সেই ব্যক্তিই পপির স্বামী।
সেসময় জানা যায়, তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একজন জাহাজ ব্যবসায়ী। দুই বছরের একটি পুত্রসন্তানও রয়েছে তার। ছেলেকে নিয়ে ধানমন্ডিতে বসবাস করেন পপি।
তবে পপিকে বিয়ের তথ্য প্রকাশ্যে আসার পর সেসময় খবরটি মিথ্যা বলে দাবি করেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামাল।
তিনি বলেন, পপি আমাদের পারিবারিক বন্ধু। তাকে বিয়ের প্রশ্নই আসে না। একটা মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব ছড়াচ্ছে।
তবে ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে।
তিনি বলেন, পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আমার স্ত্রীও বেশ উপভোগ করছে।
তবে অভিনেত্রীকে বিয়ের খবর এভাবে হেসে উড়িয়ে দিলেও বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলল পপির। শুধু স্বামী নয়, অভিনেত্রীর ৪ বছরের সন্তানও আছে।
সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারই ছোট বোন ফিরোজা পারভীন। সেই জিডির সূত্র ধরেই মিললো পপির স্বামী-সন্তানের খোঁজ।
জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি নিজ দখলে নিতে স্বামী ও তার সাঙ্গপাঙ্গসহ সোমবার সোনাডাঙ্গার শিববাড়িতে জড়ো হন তারা। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
জানা যায়, সোমবার যখন পপি কিছু লোক নিয়ে সেই বাড়িতে যান সেখানে ছিলেন জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালও। এসময় সাংবাদিকরা আদনান উদ্দিন কামালের কাছে তার পরিচয় জানতে চাইলে, তিনি নিজেকে পপির স্বামী হিসেবে পরিচয় দেন।








