শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা এবং পাঠাকাটা ইউনিয়নের বুরুডুবি এলাকায় কামরুলের বাড়ির সামনের স্থানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন।
এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ইজিপিপি কর্মসূচির মাধ্যমে অসহায় ও অতিদরিদ্র মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে এ প্রকল্প।








